সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরে শ্রীপুরে সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে সাইদুর রহমান তনু (১৫) নামের এক স্কুলছাত্র। নিহত তনু নাটোর জেলার বিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের পোশাক কারখানায় কর্মরত সাজ্জাদুর রহমানের ছেলে। সে শ্রীপুর  উপজেলার জৈনা বাজার এলাকায় এইচএকে একাডেমির নবম শ্রেণির ছাত্র ছিল। তারা জৈনা বাজার এলাকার জহিরের বাড়িতে বাবা মার সঙ্গে ভাড়া বাসায় থাকতো। 

স্থানীয়রা জানায়, তনু রোববার (১৫ মে) শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার সিরাজুল হক মাতবরের পুকুরে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে সাঁতার শিখতে চেষ্টা করে। একটি কলাগাছের টুকরায় ভর করে সে সাঁতরে পুকুরের মাঝখানে চলে যায়। 

একপর্যায়ে কলাগাছ থেকে হাত ফসকে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে জাল ফেলে তনুকে অচেতন অবস্থায় উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিলে রায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তনুর মৃত্যু হয়েছে। 


একাত্তর/এসএ