ছেলেকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে লাশ হলেন মা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিমেন্ট মিক্সার ট্রাকের চাপায় মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত মা আম্বিয়া প্রবাসী সন্তান জসীমকে আনতে যাচ্ছিলেন বিমানবন্দরে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন। গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মে) সকালে মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি অংশের মুন তেলের পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে।  

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান কুমিল্লা থেকে ঢাকায় যাবার উদ্দেশ্যে ছেড়ে এসে বালুয়াকান্দি এলাকায় মুন তেলের পাম্পের  পার্কিং করে মাইক্রোবাসটি। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে একটি সিমেন্ট মিক্সারের ট্রাক পার্কিং করা মাইক্রোবাসটিকে চাপা দেয়। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে দ্রুত চলে এসে আহতদের উদ্ধার করে। আহতদের প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এসময় প্রবাসী জসীমের মা আম্বিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত তিন জনকে ঢাকা মেডিকেলে পাঠনো হয়। আর  বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

 গাড়ি দুটি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান।


একাত্তর/এআর