নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরার কাছে চাঁদা দাবির মামলায় সাবেক ছাত্রলীগ নেতা উচ্ছ্বাস ও শাওনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে নড়াইল পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার (১৮ মে) সিলেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি নড়াইল পৌর শহরের ভওয়াখালী গ্রামে।
জানা গেছে, গত ২৬ এপ্রিল শহরের পুরাতন বাস টার্মিনালে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে বাংলা বর্ষ ১৪২৯ সালের জন্য হাট-বাজা ও টার্মিনাল ইজারা সংক্রান্ত সভা চলছিল। হঠাৎ দুপুর দেড়টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধনসহ ৮-১০ জন মেয়রের কার্যালয়ে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
এসময় চাঁদার দাবিতে মেয়রকে হত্যাসহ পৌরসভায় প্রবেশ করতে না দেয়ার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে পৌর পরিষদ জরুরী সভায় ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ ঘটনায় উচ্ছ্বাস, শাওন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধনসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে ওই রাতেই মেয়র বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ছেলেকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে লাশ হলেন মা
পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় পৌর পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন এবং সবশেষে গত ১০ মে আসামিদের গ্রেপ্তারের দাবিতে শহরের চৌরাস্তায় বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
অপরদিকে মেয়র আঞ্জুমান আরাকে দুর্নীতিগ্রস্ত হিসাবে আখ্যায়িত করে তার অপসারণ দাবি করে একইদিন বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করে একটি পক্ষ।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, পৌর মেয়রের দায়ের করা চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় দুই আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
একাত্তর/এসজে