বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত মধ্যরাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শ্রীনগর উপজেলার বেশ কয়েকটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকচি ও কাদুরগাও গ্রামে ঝড়ের তাণ্ডবে একাধিক ঘরবাড়ি, গাছপালা, মুরগির খামার ভেঙে গেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ থেকে ৩০ টি ঘর ভেঙে গেছে ঝড়ের তাণ্ডবে। ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি কোলাপাড়া ইউনিয়ন এর ৫ নম্বর ওয়ার্ডে।
৫ নং ওয়ার্ডের মেম্বার মাহবুব শাহ জানান, রাত দুইটার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডবে থেকে প্রায় ৩০টি ঘর ভেঙে পড়েছে, চাল উড়ে গেছে যার মধ্যে দুটি খামারও রয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার জানান, হাসপাতালে প্রায় ১১ জন ভর্তি রয়েছে। আরও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ জানান, কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে। তবে মোট ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
তাৎক্ষণিকভাবে খাদ্য সহযোগিতা দেয়া হচ্ছে এবং পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে নগদ অর্থ ও টিন দেওয়া যেতে পারে বলেও জানান তিনি।
একাত্তর/জো