মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও খুলনা বিএল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ সাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ মে) ভোররাতে সদর উপজেলার ঘটমাঝিতে এ ঘটনা ঘটে।
এসময় পরিবারের শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগীর পরিবার জানায়, প্রফেসর সৈয়দ সাদিক শারীরিকভাবে অসুস্থ থাকায় ঢাকায় চিকিৎসাধীন। এছাড়া তার তিন ছেলে চাকুরীর সুবাদে ঢাকা ও চট্টগ্রামে কর্মরত। বাড়িতে তিন গৃহবধূ ও নাতি-নাতিনরা বসবাস করে। এই সুযোগে ভোররাতে কলাসিপল গেটের তালা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে ৮-১০ জনের মুখোশধারী ডাকাত। তারা বাড়ির নারী ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ৪৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ ৬০ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, বিষয়টি জানার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আমলে নেয়া হবে। সংঘবদ্ধ ডাকাতদল ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে।
একাত্তর/জো