পরকীয়ার জেরে পালিয়ে যাওয়া স্ত্রীর ঠিকানা জানতে স্ত্রীর সহকর্মীর দেড় বছরের শিশুকে অপহরণের দুই মাস পর অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করেছে র্যাব-৪, গ্রেপ্তার করেছে অপহরণে জড়িত দুইজনকে।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মো. মোজাম্মেল হক এ তথ্য জানান।
এর আগে, সোমবার (৩০ মে) রাতে রংপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. রাশেদুল ইসলাম (৩০) ও তার তথ্যমতে পরে গাজীপুর থেকে তার ফুফু রোকসানাকে (৩৫) গ্রেপ্তার করা হয় এবং রোকসানার কাছ থেকে দেড় বছরের শিশু আঁখিকে উদ্ধার করা হয়।
ব্রিফিংয়ে মোজাম্মেল হক জানান, রাজমিস্ত্রি রাশেদুল ইসলাম তার স্ত্রী নুরজাহানকে নিয়ে দুই বছর ধরে আশুলিয়ার জিরানী বাজার কলেজ রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নুরজাহান ও অপহৃত শিশুটির মা মিরা আক্তার আশুলিয়ায় একই গার্মেন্টসে চাকরি করতেন এবং তাদের মধ্যে সুসম্পর্ক ছিল।
র্যাব-৪ এর অধিনায়ক জানান, রাশেদুলের স্ত্রী নূরজাহান তাদের শিশুসন্তানকে রেখে প্রেমিকের সাথে পালিয়ে গেলে রাশেদ স্ত্রীর ঠিকানা জানতে মিরার কাছে গেলে মিরা জানে না বলে জানায়। তবে রাশেদ বিশ্বাস না করে তার স্ত্রীর ঠিকানা জানতে মিরার দেড় বছরের শিশু আঁখিকে অপহরণ করে।
আরও পড়ুন: ৪ জুন থেকে করোনার বুস্টার ডোজ সপ্তাহ শুরু
তিনি আরও জানান, তারপরও মিরা নূরজাহানের ঠিকানা জানে না বলে জানালে রাশেদ মুক্তিপণ হিসেবে ৩০ হাজার টাকা দাবি করে। পরে বিকাশে ২০ হাজার টাকা দিলেও শিশুটিকে ফিরিয়ে দেয়নি।
ব্রিফিংয়ে জানা যায়, পরে অপহৃত শিশুর বাবা বাদি হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ৩১ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী এলাকা থেকে দেড় বছরের শিশু আঁখিকে এক অজ্ঞাতপরিচয় যুবক অপহরণ করে।
র্যাবের অভিযানে গ্রেপ্তার আসামীদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
একাত্তর/এসি/জো