কুড়িগ্রামে শিক্ষার্থীর লাশ নিয়ে সড়ক অবরোধ

বিড়ির কারখানায় কথা কাটাকাটির জেরে কুপিয়ে হত্যা

কুড়িগ্রামে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ও স্থানীয় বিড়ি কারখানার শ্রমিক মাঈদুল ইসলাম বাপ্পিকে কুপিয়ে হত্যাকারী খোকন ইসলামের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (৩১ মে) সকাল ১১টা থেকে শহরের রিভারভিউ মোড় এলাকায় সড়কে মরদেহ রেখে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক অবরোধ করে রাখেন তারা।

জানা গেছে, সোমবার (৩০ মে)  বিকেলে শহরের জলিল বিড়ির কারখানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মাঈদুল ইসলাম বাপ্পিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় খোকন। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনও আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত মাঈদুল ইসলাম পৌর শহরের মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। তিনি মজিদা আদর্শ ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাসের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। মাঈদুল হত্যাকাণ্ডে অভিযুক্ত খোকন একই এলাকার মৃত বোবা নজিরের পুত্র।

হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার নিহতের মা বিউটি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যাকারী খোকন ইসলামকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


একাত্তর/জো