গাফিলতির কোন প্রমাণ পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল এলাকার বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে যদি কোন গাফিলতির প্রমাণ গেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৬ জুন) দুপুর পৌনে তিনটার দিকে চট্টগ্রাম মেডিক্যার কলেজ হাসপাতালে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি দগ্ধ ও আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন। 

মন্ত্রী বলেন, কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা তদন্ত হচ্ছে। আইনের উর্দ্ধে কেউ নয়। তদন্তে কারো গাফিলতির প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে যতবড় শক্তি শালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে সোমবার দুপুরে দুইটায় বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি সেখানে আগুন নির্বাপন ও উদ্ধার কাজে থাকা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, সহকারী কমিশনার আশরাফুল আলম, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।


একাত্তর/এআর