নিহতদের পরিচয় জানতে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিচয় জানতে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে।

সোমবার (৬ জুন) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করে সিআইডির ফরেনসিক বিভাগ।

আজ সকাল থেকে বিকেল পর্যন্ত বিএম কনটেইনার ডিপোতে নিহতদের মধ্যে ২১ লাশের পরিচয় শনাক্তে ৩৭ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালের পূর্ব গেটে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারের সামনে তৈরি বুথে এসব নমুনা সংগ্রহ করা হয়।

ফরেনসিক ল্যাবের দায়িত্বে থাকা সিআইডির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, শনাক্ত না হওয়া ২১ লাশের পরিচয় জানতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার ভিত্তিতে লাশের পরিচয় নিশ্চিত করা হবে।

এজন্য মৃত ব্যক্তির বাবা-মা, ভাই-বোন কিংবা ছেলে-মেয়েদের মধ্যে যে কোনো দুইজনকে সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারের সামনে তৈরি বুথে গিয়ে নমুনা দেয়ার অনুরোধ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, আগুনের ঘটনায় কেউ যদি নিখোঁজ থেকে থাকেন, তাদের স্বজনরা আমাদের এখানে এসে নমুনা দিতে পারবেন। পরবর্তীতে ডিএনএ পরীক্ষায় সেটা ব্যবহার করা হবে। পরিচয় শনাক্তে সব মিলিয়ে পুরো প্রক্রিয়া শেষ হতে একমাস সময় লাগতে পারে।

আরও পড়ুন: তথ্য সংশোধনের পর সীতাকুণ্ডে নিহতের সংখ্যা ৪১

তিনি জানান, সোমবারও হাসপাতালের সামনে আহতদের আত্মীয়স্বজন যেমন আছে, তেমনি অনেকে তাদের স্বজনদের খুঁজতে ভিড় করেছেন। তারা স্বজনদের ছবি হাতে নিয়ে হাসপাতালে ঘুরছেন। তাদের অনেকেই বুথে এসে ডিএনএ নমুনা দিয়েছেন।


একাত্তর/আরএ