কালিয়াকৈরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

গাজীপুরে কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (৯ জুন) রাতেই ঘটনার পর অভিযুক্ত স্বামী আকবর হোসেনকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, নিহত আঁখি আক্তার (২৩) ভোলা জেলার রামদাসপুর এলাকায় মাহাবুবুর আলমের মেয়ে। আটক হওয়া আকবর হোসেন একই উপজেলার রামদাসপুর এলাকায় আমির হোসেনের ছেলে। আঁখি-আকবর দম্পতি উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার আনোয়ার হোসেনের বাসায় ভাড়ায় বসবাস করে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে পারিবারিকভাবে দুইজনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (৯ জুন) রাতে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামীর মসলা বাটার শিলপাটার আঘাতে স্ত্রী আঁখি আক্তার ঘটনাস্থলেই মারা যান। 

পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, শিলপাটার পুতার আঘাতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


একাত্তর/জো