পটুয়াখালীর গলাচিপায় বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-০৮ এর সদস্যরা। আটক ওই ব্যক্তির নাম সিদ্দিক মোল্লা (৫৪)।
রোববার (১২ জুন) রাতে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বালির হাওলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সিদ্দিক একজন কৃষক হলেও তক্ষক ক্রয়-বিক্রয় তার প্রধান পেশা। তিনি সাধারণ মানুষের সাথে তক্ষক নিয়ে প্রতারণা করে আসছেন এমন সংবাদে বালির হাওলা গ্রামে অভিযান চালায় র্যাব-০৮ এর সদস্যরা। এসময় তাকে তক্ষকসহ হাতে নাতে আটক করা হয়। তক্ষকটি তিনি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
র্যাব জানায়, তক্ষকটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি এবং এর ওজন ২শ ২৫ গ্রাম। যার অবৈধ সম্ভাব্য বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকা। পরে রাতেই তক্ষকসহ সিদ্দিককে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গলাচিপা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে।
র্যাব-০৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, তক্ষক ধরা ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ অবৈধ। এ সকল প্রতারকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
একাত্তর/এসএ