জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ২৪ সেমি ওপরে

উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা-ব্রহ্মপুত্রসহ সব নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনা ও ব্রহ্মপুত্রসহ নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জ এই ৫ উপজেলার ১৫টি ইউনিয়ন ও দেওয়ানগঞ্জ পৌরসভার নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। পানিতে ফসলের মাঠগুলো তলিয়ে যাওয়ায় পশুখাদ্যের সংকট তৈরি হয়েছে। 

পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৫শ হেক্টরের বেশি জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে আউশ ধান ৬৪ হেক্টর পাট ৩৭০ হেক্টর ও সবজি ৬০ হেক্টর।

আরও পড়ুন: পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত এক

নদীতীরবর্তী এলাকার মানুষরা বলছেন, এবছর অস্বাভাবিক দ্রুতগতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে তারা চরম দুর্ভোগে পড়বেন। 

শিক্ষকরা বলছেন, বন্যার পানি বিদ্যালয় মাঠ ও আশপাশে ছড়িয়ে পড়ার কারণে একদুই দিনের মাঝেই বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ হয়ে যাবে।


একাত্তর/জো