মাল্টার ভেতর ইয়াবা পাচারকালে যুবক আটক

শেরপু‌রে মাল্টার ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় রাকিবুল ইসলাম লিখন (২৪) না‌মে এক মাদক কারবা‌রীকে আটক করা হয়েছে। এ সময় অভিযুক্তের কাছ থেকে ৫৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শনিবার (১৮ জুন) সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর এলাকা থেকে তাকে আটক করা হ‌লে রোববার (১৯ জুন) তার বিরুদ্ধে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত লিখন নালিতাবাড়ী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র‌্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর সদর উপজেলার শেরপুর-নকলাগামী বয়ড়া পরানপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় বিশেষ কায়দায় মাল্টার ভেতর বহন করা ৫৮৫ পিস ইয়াবা বড়িসহ রাকিবুল ইসলাম লিখনকে হা‌তে-না‌তে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লক্ষ ৭৫ হাজার ৫শ’ টাকা।

আরও পড়ুন: বড়শিতে ধরা পড়লো আট কেজির ভেটকি মাছ

র‌্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ব‌লেন, ওই ঘটনায় আটক লিখনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। লিখন দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


একাত্তর/আরএ