পদ্মায় জেলের জালে ৩৯ কেজির দুই বাগাইড়

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির দুটি বাগাইড় মাছ ধরা পড়েছে। ওজন নিয়ে দেখা গেছে মাছ দুটির ওজন ৩৯ কেজি। 

সোমবার (২০ জুন) সকাল নয়টার সময় দৌলতদিয়া ফেরি ঘাটের দক্ষিণে স্থানীয় জেলে রিয়াজুল হলদারের জালে বিশাল আকৃতির ওই মাছ দুটি ধরা পড়ে। মাছ দুটিকে স্থানীয় আড়তে নিয়ে আসলে একনজর দেখতে ভিড় করে স্থানীয় ও পথচারীরা। 

দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান মিয়া সম্রাট জানান, সোমবার সকালে ফেরিঘাটের দক্ষিণে জাল ফেলে জেলে রিয়াজুল হলদার। এ সময় তার জালে এক সাথে এই মাছ দুটি ধরা পড়ে, যার একটির ওজন ২০ কেজি পাঁচশ গ্রাম এবং অপরটির ওজন ১৮ কেজি পাঁচশ গ্রাম। 

তিনি আরও জানান, মাছ দুটিকে আড়তে আনলে সকল মাছ ব্যবসায়ীদের অংশগ্রহণে ডাকের মাধ্যমে এক হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪২ হাজার ৯০০ টাকায় কিনে নিয়ে ঢাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ২০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়। 

আরও পড়ুন: উত্তর-মধ্যাঞ্চলে বন্যার আকার বাড়ছে, বাড়ছে দুর্যোগও

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, পদ্মা নদীর পানি বাড়ছে হু হু করে। এসময় পদ্মা নদীর বড় বড় মাছগুলো খাবারের সন্ধানে নদীর কিনারায় আসছে। পানি বৃদ্ধি পাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে। 


একাত্তর/এসজে