জামালপুরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় পাটক্ষেতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১ জুলাই) বিকেলের কোনো এক সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন- ঝাউগড়া ইউনিয়নের পইরবাড়ী এলাকার মৃত মেহার ফকিরের ছেলে মকবুল ফকির (৫৪) এবং মৃত বাহার ফকিরের ছেলে হানিফ ফকির (৫৬)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়, মকবুল ফকির ও হানিফ ফকির সকালে টগারচর পূর্বপাড়া ঝিনাই নদীর পাড়ে দিনমজুর হিসাবে তাদের ভাতিজা ফজলুল ফকিরের জমিতে পাট কাটতে যায়। পাটক্ষেতটি নদীর পাড়ে চরের মধ্যে হওয়ায় সারাদিন তাদের আর কেউ খোঁজ নেয়নি। 

তবে সন্ধ্যার পরেও তারা বাড়িতে ফিরে না আসায় তাদের খোঁজ করতে গেলে তাদের দুজনকেই পাটক্ষেতে মৃত অবস্থায় পাওয়া যায়। 

আরও পড়ুন: পাওয়ার টিলারের ধাক্কায় ভ্যান থেকে পড়ে নারীর মৃত্যু

দুজনের মৃতদেহেই অগ্নিস্ফুলিঙ্গের ক্ষতচিহ্ন থাকার কথা জানান স্থানীয়রা। শুক্রবার বিকেলে ওই এলাকায় ভারি বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হয়।

ঝাউগড়া ইউনিয়নের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা হেনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


একাত্তর/এসজে