বৃদ্ধকে পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে যুবলীগ নেতার নির্যাতন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মসজিদ নির্মাণ ও পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধকে (৬৮) মারধর ও পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত প্রধান আসামি এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার থানারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল হোসেন শাহনেওয়াজ (৪৫)। তার বাড়ি উপজেলার চরকাজী মোখলেছ গ্রামে। তিনি চরওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এর আগে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে শাহনেওয়াজের সঙ্গে ঝামেলা হয়েছিল, যার জন্য কোর্টে মামলা করা হয়েছে।

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় থানারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধ। শাহনেওয়াজের নেতৃত্বে দুর্বৃত্তরা বৃদ্ধকে মারধর করে। এক পর্যায়ে তার পায়ুপথে একটি টর্চলাইট ঢুকিয়ে দেয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে দুর্বৃত্তরা তাকে ফেলে চলে যায়। জ্ঞান ফিরে চিৎকার করলে লোকজন তাকে উদ্ধার এবং রোববার ভোরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, রোববার (৩ জুলাই) সকালে প্রায় দেড় ঘণ্টা অস্ত্রোপচার চালিয়ে টর্চলাইটটি বের করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

আরও পড়ুন: নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: আরও এক আসামি গ্রেপ্তার

নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম জানান, রোববার রাতে এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধের ছেলে বাদি হয়ে আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮-১০জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। একই সঙ্গে এ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 


একাত্তর/এসি