নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি দেশীয় তৈরি বন্দুকসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার নবগ্রামের মনির আহমেদের ছেলে মোয়াজ্জেম হোসেন খোকন (২৬), সরকামতা গ্রামের নূর হোসেনের ছেলে আবু নাসের সজীব (২৪) এবং পালপাড়া গ্রামের শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম শাওন (২১)।
শুক্রবার (৮ জুলাই) দুপুরের দিকে আটককৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নবগ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলার নবগ্রাম ডেগা হাজীর বাড়ির সামনে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুকসহ তিন অস্ত্রধারীকে আটক করা হয়। শুক্রবার দুপুরের দিকে আটককৃত আসামিকের অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
একাত্তর/এআর