বাস-লরি সংঘর্ষে লরিচালক নিহত, আহত ছয়

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে লরির চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ছয় যাত্রী। 

মঙ্গলবার (১২ জুলাই) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর টরকী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে এক ঘণ্টার বেশি সময় ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। 

নিহত লরিচালক মোক্তার মোল্লা (৫০) গোপালগঞ্জের মোকসেদপুরের বাসিন্দা। তবে এখনও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।


গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ বেল্লাল হোসেন জানান, তেলবাহী লরিটি মাদারীপুর থেকে বরিশাল যাওয়ার পথে বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: প্রার্থীর মৃত্যুতে স্থগিত ইউ‌পি নির্বাচ‌ন

তিনি জানান, সংঘর্ষে যান দু’টির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচরে যায়। এতে লরির চালক ঘটনাস্থলেই নিহত হন। 

আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/এসজে