পার্বতীপুরে ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে টিকিট কাউন্টারে ঈদুল আজহার ফিরতি অগ্রিম টিকেট বিক্রিতে অরাজকতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। 

ভুক্তভোগী রেলযাত্রীদের অভিযোগ, কাউন্টার থেকে প্রতিদিনই হাওয়া হয়ে যাচ্ছে ঢাকাগামী ট্রেনের বরাদ্দকৃত আসনের অনেক টিকিট। সেই ৪৪০ টাকার টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত। 

কয়েকজন বুকিং ক্লার্ক টিকেট কালোবাজারি একটি সিন্ডিকেটের সাথে জড়িত থাকায় সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। সকাল আটটায় টিকেট বিক্রি শুরু হওয়ার সাথে সাথে লাইনে টিকেট দেওয়ার ফাঁকে ফাঁকে কাউন্টারের ভিতরেই নিজেদের প্রয়োজনীয় টিকেট কেটে রাখে চক্রটি।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে সরেজমিন পার্বতীপুর স্টেশনে গিয়ে দেখা যায়, ২ নং কাউন্টারের সামনে ১৬ জুলাইয়ের ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর, একতা, দ্রুতযান, পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের অগ্রিম টিকেট নিতে আসা লোকজনের দীর্ঘ সারি। সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও ২৩ মিনিট বিলম্বে শুরু করা হয় টিকিট বিক্রি এবং সকাল ৯টা ৫৩ মিনিটেই অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়।

টিকেট বিক্রির শুরু থেকে শেষ পর্যন্ত কাউন্টারের সামনে কয়েকজন সংবাদকর্মী অবস্থান করে টিকেট গ্রহীতা যাত্রীদের প্রত্যেকের সাথে কথা বলে একটি তালিকা করেন। তাতে দেখা যায় কাউন্টার থেকে সাতজনের কাছে নীলসাগর ট্রেনের ১৪টি, সাতজনের কাছে একতা ট্রেনের ১৪টি, ৯ জনের কাছে দ্রুতযান ট্রেনের ১৮টি ও ২০ জনের নিকট পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের ৪০টি টিকেট মিলে মোট ৮৬টি শোভন চেয়ারের টিকেট প্রকাশ্যে বিক্রি করা হয়। 

অথচ খোঁজ নিয়ে জানা যায়, কাউন্টারে এই পাঁচটি ট্রেনের জন্য বরাদ্দ রয়েছে ১৮০টি শোভন চেয়ার আসন। এছাড়া বরাদ্দকৃত ১৮টি এসি চেয়ারের বিপরীতে ১৪টি টিকেট সাতজন যাত্রীর কাছে বিক্রি করা হয়।

ফলে টিকিট না পাওয়া রেলযাত্রীরা প্রশ্ন তোলেন শোভন চেয়ারের ৯৬টি এবং এসি চেয়ারের ৪টি টিকিট গেল কোথায়! টিকেট কাউন্টারের বাইরে মনিটর দেওয়া থাকলে বুকিং স্টাফরা এমন অপকর্ম করতে পারতেন না বলেও মন্তব্য করেন তারা।

টিকেট কাটতে আসা শহরের বাবুপাড়ার জীবন বলেন, তিনি পুরুষ লাইনের সাত নম্বর সিরিয়ালে ছিলেন। অথচ তাকে কোন এসি কোচের টিকেট দেওয়া হয়নি। অনেক তর্ক-বিতর্কের পর তাকে নীলসাগর ট্রেনের দুইটি শোভন চেয়ারের টিকেট দেওয়া হয়। 

এ বিষয়ে স্টেশন মাস্টার মো. শওকত আলী বলেন, পার্বতীপুর কাউন্টার থেকে আন্তঃনগর পাঁচটি ট্রেনের জন্য শোভন চেয়ার ১৮০টি ও এসি চেয়ার ১৮টি আসন বরাদ্দ আছে। কাউন্টার থেকে টিকেট বিক্রি কার্যক্রম মনিটর করার জন্য একজন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা রয়েছেন। বিষয়টি তারাই ভাল বলতে পারবেন।

দায়িত্বরত সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) নূর-এ-আলম কাউন্টারে টিকেট কেটে রাখার বিষয়টি অস্বীকার করে বলেন, বরাদ্দকৃত সকল টিকেট লাইনে দাঁড়ানো লোকজনের মাঝে বিক্রয় করা হয়েছে।

রেলের পশ্চিম জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) সুজিত কুমার বিশ্বাস মোবাইল ফোনে জানান, টিকেট বিক্রি কার্যক্রম তদারকির জন্য পার্বতীপুরে একজন কর্মকর্তা রয়েছেন। গড়মিলের বিষয়টি তিনি বলতে পারবেন। তারপরও আমি বিষয়টি খতিয়ে দেখবো।


একাত্তর/জো