চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। আটক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসির সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।
কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অভিযান চালিয়ে ৭০০ বস্তা সার জব্দ করা হলেও সংশ্লিষ্ট ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
অফিসার ইনচার্জ আরও জানান, উদ্ধার করা সার বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে স্থানীয় সূত্রের দাবি, বিসিআইসির ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সার কালোবাজারির সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। সার জব্দের পর থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সকাল থেকে তার দোকানও বন্ধ দেখা গেছে।
এর আগে গত ২২ নভেম্বর পাশের জেলা থেকে শিবগঞ্জে সার পাচারের সময় গোমস্তাপুরে ৬৭ বস্তা সার জব্দ করে প্রশাসন। এ সময় স্থানীয় লোকজন সহযোগিতা করেন।
