মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে দুইজনের মৃত্যু

মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

বুধবার (১৩ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ জেলার পোরশা উপজেলার গাঙ্গরিয়া গ্রামের রঈজ মিয়ার ছেলে সাদ্দাম মিয়া (২২) ও একই গ্রামের সিরাজউদ্দিনের ছেলে খাইরুল আলম (৪৫)।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নওগাঁ থেকে আম বোঝাই একটি পিকআপ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকায় আসলে সকাল পৌনে সাতটায় বিপরীত দিক থেকে আসা ‘সোনার বাংলা’ পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সাদ্দাম মিয়া মারা যান। এছাড়া আম ব্যবসায়ী খাইরুল আলমসহ বাসের দুই যাত্রী আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে সকাল সাড়ে ৭টার দিকে ওই ব্যবসায়ী মারা যান।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ ছিলো। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরের রাজৈর ফায়ার সার্ভিসের লিডার মো. সালাউদ্দিন জানান, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: মানিকগঞ্জে বাসচাপায় দুই বন্ধু নিহত, বাসে আগুন

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই মো. রুহুল আমিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ