দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে অতিরিক্ত তাপদাহে হৃদরোগে আক্রান্ত হয়ে সেরাজুল ইসলাম নবাব (৩৫) নামে এক খনিশ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে খনি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত খনিশ্রমিক নবাব পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের আইনুল হকের ছেলে। তিনি বড়পুকুরিয়া কয়লা খনির চিনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসির অধীনে কয়লা উৎপাদনের কাজে নিয়োজিত ছিলেন।
নবাবের সহকর্মী খনি শ্রমিকেরা জানান, তারা গত বুধবার রাত ১১ টা থেকে বৃহস্পতিবার সকাল ৭ টার শিফটে খনির ভূগর্ভে কাজ শেষ করে রুমে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নবাব। এসময় সহকর্মীরা তাকে খনি চত্বরের হাসপাতালে নিয়ে গেল সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খনি শ্রমিকেরা জানান, ৪০-৪৫ ডিগ্রী তাপমাত্রার মধ্যেই কয়লা উৎপাদনের কাজ করতে হয় তাদের। করোনা মহামারির কারণে কাজ শেষে খনি এলাকায় তাদের জন্য নির্মিত টিনের ঘরে থাকতে হয় যেখানেও অনেক গরম।
বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কামরুজ্জামান জানান, সকালের শিফটে কাজ শেষে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে একজন খনিশ্রমিক মারা যান। তিনি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কর্মরত ছিলেন।
মৃত শ্রমিকের পরিবারকে ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করবে বলেও জানান তিনি।
একাত্তর/জো