৮০ জন কর্মচারীর বেতন-ভাতা না দিয়ে কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম নগরীর হলি হেলথ নামের একটি বেসরকারি হাসপাতাল। বকেয়া বেতন-ভাতার দাবিতে হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা।
শুক্রবার (১৫ জুলাই) সকালে পাঁচলাইশ আবাসিক এলাকায় হাসপাতালের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা।
জানা গেছে, ২৪ ঘণ্টা সেবা দেওয়ার কথা থাকলেও কোরবানির বন্ধে মুসলিম কর্মচারীদের ছুটি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে অমুসলিম কর্মচারীরা হাসপাতালে দায়িত্ব পালন করতে থাকলেও কোনও ঘোষণা ছাড়াই হাসপাতালে ভর্তি থাকা ৫-৬ জন রোগীকে ছাড়পত্র দিয়ে কর্মরত কর্মচারীদের হাসপাতাল থেকে বের করে দিয়ে হাসপাতাল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল ক্লিনিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ইফতেখার কামাল বলেন, গত জুন মাসের বেতন-ভাতা না দিয়েই পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে হলি হেলথ হাসপাতাল। এর আগে গত দুই বছর ঈদেও কোন বোনাস দেয়নি মালিকপক্ষ।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাড়িভাড়া বকেয়া থাকায় ভবন মালিক তালা দিয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
একাত্তর/জো