আ. লীগ নেত্রীর বাসায় ঢুকে লুটপাটের ঘটনায় গ্রেপ্তার দুই

গাজীপুর মহিলা আওয়ামী লীগের নেত্রীকে বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে তাকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাজীপুর মহানগরের কোনাবাড়ি নতুনবাজার এলাকার মো. সোহেল (৩৪) ও একই এলাকার শ্রী সাজন। গাজীপুর আদালতে পাঠানো হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।  

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. জাহিদুল হক বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেছেন। এর আগে বুধবার (২০ জুলাই) ভোরে কোনাবাড়ি নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার দুই আসামি ২০২০ সালের ২৮ নভেম্বর পূর্ব পরিকল্পিতভাবে কোনাবাড়ী থানার মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজেরা বেগমের বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুট করার পরিকল্পনা করে ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানানোর কৌশলে বাসায় প্রবেশ করেন। পরে পিস্তলের ভয় দেখিয়ে ওই নেত্রীর হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান।

পিবিআই পুলিশ সুপার আরও জানান, ঘটনার দিন হাজেরা বেগমের বাড়ীর গেটে চারজন মাস্ক পরা লোক ফুলের তোড়াসহ নেত্রীকে ডাকাডাকি করেন। তিনি এগিয়ে এসে গেট তাদের পরিচয় জানতে চাইলে আসামিরা বলেন, 'আমরা বাংলাদেশ প্রেসক্লাবের লোক, শুভেচ্ছা জানিয়ে করোনা এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাক্ষাতকার নেওয়ার জন্য এসেছি।' 

আরও পড়ুন: কিডনি বিক্রি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হাজেরা বেগম ওই ব্যক্তিদের বাসায় প্রবেশ করতে দেন। এক পর্যায়ে তাদের একজন কক্ষে প্রবেশ করে সঙ্গে থাকা পিস্তল বের করে হাজেরা বেগমকে ভয় দেখান এবং তার হাত পা বেঁধে আলমারির চাবি নিয়ে আলমারি থেকে নগদ তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। 

এ ঘটনায় হাজেরা বেগম বাদি হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। কোনাবাড়ী থানা পুলিশ দীর্ঘদিনেও মামলার রহস্য উদঘাটন করতে না পারায় পিবিআই মামলার তদন্ত করে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে।


একাত্তর/এসজে