ভোলার লালমোহন উপজেলায় একটি মন্দিরের মধ্যে মানসিক প্রতিবন্ধী যুবককে খুঁটির সাতে হাত বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এতে করে যুবকের একটি হাত ভেঙে গেছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাতের ওই নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে আহত ওই যুবককে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ঘটনা জানতে পেরে রাতেই অভিযানে নামলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নম গ্রামের রাধা গোবিন্দ মন্দিরের খুঁটির সাথে বেঁধে যুবককে দুইজন মিলে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারছে। এ সময় যুবকের আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার যুবকের নাম জয়ন্ত। সে ওই এলাকার মিস্ত্রি বাড়ির শ্যামল দাসের ছেলে। নির্যাতনকারীরা একই বাড়ির তাপস মৃধা ও অশিক মিস্ত্রি।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে তাপস মৃধা ও অশিক মিস্ত্রির এক আত্মীয়কে মানসিক প্রতিবন্ধী যুবক জয়ন্ত চড় মারে। এ ঘটনার জেরেই তাকে এভাবে পেটানো হয়।
মারপিটের খবর পেয়ে প্রতিবন্ধী যুবকের পিতা বিকেল ৪টার দিকে ওই মন্দির থেকে ছেলেকে উদ্ধার করেন। পরে রাতে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় পাঁচ শ্রমিকের মৃত্যু
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটকে অভিযান চলছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/আরএ