বাসচাপায় মা নিহত, আহত শিশুকন্যা

মাদারীপুরের রাজৈরে সাকুরা পরিবহনের বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা তার শিশুকন্যাও গুরুতরভাবে আহত হয়। 

শনিবার (৩০ জুলাই) ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বড় ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, দুর্ঘটনায় নিহত গৃহবধূ নজরু বেগম (৪০) মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মজিবর হাওলাদার এর স্ত্রী ও গুরুতর আহত ফাতেমা (২) নজরু ও মজিবরের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, পশ্চিম রাজৈরে তাদের এক আত্মীয়ের বাড়িতে মা-মেয়ে বেড়াতে আসে। রাস্তা পারাপারের সময় বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নজরু বেগম মারা যান ও মেয়ে ফাতেমা গুরুতরভাবে আহত হয়।

রাজৈর থানার উপ-পরিদর্শক ফরহাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হাইওয়ে পুলিশ গাড়িটিকে আটক করেছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/জো