চট্টগ্রামে প্রথমবারের মত ১২ বছর বয়সী শিশুর স্কোলিওসিস কারেকশন সার্জারি সম্পন্ন করেছে এভারকেয়ার হসপিটাল।
সম্প্রতি হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খান ও তার টিম সফলভাবে এই জটিল অপারেশন সম্পন্ন করেন।
শিশু তাসফিয়া আজম ফারিহা জন্মগতভাবে বাঁকা মেরুদণ্ড জনিত সমস্যায় ভুগছিল। গত ৩ মার্চ ওই সমস্যা নিয়ে ফারিহাকে নিউরোসার্জারি বিভাগে আনা হয়। সেসময় তার মেরুদণ্ডের উপরিভাগ একদিকে বেশ খানিকটা বাঁকানো ছিল এবং স্বাভাবিকভাবে হাঁটা-চলায় সমস্যা হচ্ছিল।
রোগীর স্বজনরা জানান, ৮ বছর বয়স থেকেই এই সমস্যা তীব্র হতে থাকে এবং বিদেশে নিয়েও এর চিকিৎসাও করানো হয়েছে। এমতাবস্থায় ডা. আনিসুল ইসলাম খান যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারেন পূর্ববর্তী সার্জারির পরও হাড় বাঁকা থেকে গেছে এবং কিছু লোহার ভাঙ্গা টুকরা দৃশ্যমান আছে যা পূর্ববর্তী সার্জারিতে ব্যবহৃত হয়েছে। এ কন্ডিশনকে মেডিক্যালের ভাষায় বলা হয় স্কোলিওসিস।
পরে রোগীর পরিবারের সম্মতিতে সম্প্রতি স্কোলিওসিস কারেকশন সার্জারি করার সিদ্ধান্ত নেন চিকিৎসক।
আরও পড়ুন: জনতার হাত থেকে বাঁচতে পুলিশে ধরা দিলেন ছাগল চোর
আনিসুল ইসলাম খান এ বিষয়ে বলেন, ছোট্ট ফারিহাকে যখন প্রথম এভারকেয়ারে আনা হয় তখন তার অবস্থা খুবই গুরুতর ছিল। প্রাথমিক চিকিৎসা পরামর্শ দ্বারা তাকে বেশিদিন স্বাভাবিক রাখা মুশকিল ছিল। আমাদের বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা, উন্নত সরঞ্জাম ও দক্ষ মেডিক্যাল টিম দেখে রোগীর পরিবার সার্জারির অনুমতি দেন এবং আমরা অত্যন্ত দক্ষতার সাথে চট্টগ্রামে প্রথমবারের মতো স্কোলিওসিস কারেকশন সার্জারির মাধ্যমে রোগীর বাঁকা মেরুদণ্ড সোজা করা হয়। সার্জারির পরদিনই রোগী স্বাভাবিকভাবে হাঁটাচলা করে সক্ষম হন।
একাত্তর/আরএ