সুবর্ণচরে শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় আচার খাওয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৬ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী শিশুর মা রাতে বাদি হয়ে থানায় মামলা দায়ের করার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত তরুণ মো. বেলাল উদ্দিন (৩০) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের সর্দ্দার বাড়ির মো. মফিজুল হকের ছেলে।

শিশুটির মা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। স্কুল ছুটির পর আরও দুই শিক্ষার্থীর সাথে বাড়ি ফেরার পথে বেলাল ওই শিশুকে আচার কিনে দেয় এবং তার সঙ্গে থাকা দুই শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর শিশুটিকে একটি প্রজেক্টের পাড়ে নিয়ে ধর্ষণ করে বেলাল। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, এ ঘটনায় শিশুটির মা মেয়েকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। 

ওসি আরও জানান, রোববার (৭ আগস্ট) সকালে ওই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো