হাওরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৭ আগস্ট) দুপুরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পাথকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত স্কুলছাত্র সোহাগ মনি ধর্মপাশা সদর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা শহীদ মজুমদারের ছেলে ও দেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

সোহাগের পরিবার সূত্রে জানা যায়, সোহাগের মা তার নানীকে দেখতে সোহাগকে নিয়ে পাথকুড়া গ্রামে যায়। দুপুর ১২টার দিকে সোহাগ বাড়ির সামনের হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা জাল ফেলে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর দুইটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহগকে মৃত বলে ঘোষণা করেন। 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহত শিশুর পরিবার এখনও পুলিশকে কিছুই জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/জো