মাগুরা শহরতলীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের পারন্দুয়ালী এলাকায় বৃহস্পতিবার (১৩ মে) এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাগুরা সদরের পারন্দুয়ালী গ্রামের ব্যাপারীপাড়ার ওহিদুর রহমানের ছেলে বাধন বিশ্বাস (২৪) ও যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল সালামের ছেলে নিশান হোসেন (২৫)।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাতটার দিকে পারন্দুয়ালী ৩ নম্বর ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুইজন গুরুতর আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, আহত ৭
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন একাত্তরকে জানান, ঈদকে সামনে রেখে মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে খুলনায় চৌগাছা নিজ বাড়িতে ফিরছিলেন নিশান। পথে পারন্দুয়ালী এলাকায় আসলে বিপরীতমুখী বাধনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাদের দুইজনের মৃত্যু হয়। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি।
একাত্তর/আরএ