চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম (২৬) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলারমোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল মহারাজপুরের ভাগ্যমানপুর মোড়লপাড়া এলাকার সেন্টু আলীর ছেলে। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানান যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের মহারাজপুর মেলারমোড় এলাকায় শিবগঞ্জের দিক থেকে আসা অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় একটি মাইক্রোবাস। এ সময় মাইক্রোবাসের আরোহী তৌহিদুল ইসলামসহ সাতজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে সন্ধ্যা সাতটার দিকে তৌহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন একাত্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইক্রোবাসটি জব্দ করে। মৃত তোহিদুলের লাশ মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।
একাত্তর/আরএ
