ঈদের নামাজে গিয়ে লাশ হলেন সাইদুল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদে ঈদের নামাজ পড়তে গিয়ে ছাদ থেকে পড়ে সাইদুল আলী নামক এক মুসুল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ মে) সকালে উপজেলার চককীত্তি ইউনিয়নের বারোমাসিয়া বানজারা গরিশংকরপুর জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল (৫৫) একই এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।

মসজিদের মুয়াজ্জিন আনজারুল হক একাত্তরকে জানান, বারোমাসিয়া বানজারা গরিশংকরপুর জামে মসজিদটির দ্বিতীয় তলার ছাদ নির্মাণকাজ মাত্র শেষ হয়েছে। ঈদের দিন মুসল্লিদের চাপ বেশি থাকায় দ্বিতীয় তলায় মাদুর বিছানোর সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় সাইদুল। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন একাত্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বারোমাসিয়ায় দ্বিতীয় তলায় মাদুর বিছানোর সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে সাইদুল নামের একজনের মৃত্যু হয়েছে।

একাত্তর/আরএ