বিদ্যালয়ের প্রধান ফটক ভেঙ্গে শিশু শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়িতে বিদ্যালয়ের প্রধান ফটক ভেঙ্গে এক প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। 

বুধবার (১০ আগস্ট) সকাল ৯ টার দিকে জেলা সদরের খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, শ্রাবণ দেওয়ান (৬) খাগড়াছড়ি পৌর শহরের নারানখাইয়া এলাকার বাসিন্দা প্রণয় দেওয়ানের ছেলে।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, সকালে মায়ের সাথে বিদ্যালয়ে প্রবেশকালে বিদ্যালয়টির নবনির্মিত লোহার ফটকটি ভেঙ্গে শ্রাবণের উপরে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে শিশুটির মরদেহ তার বাসায় নেয়া হয়।

অভিযোগ উঠেছে, সদ্য নির্মিত বিদ্যালয়ের প্রধান ফটকটি নড়বড়ে হওয়ায় কাঠ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছিল। নির্মাণকাজে ত্রুটির কারণে ফটকটি ভেঙ্গে পড়েছে। এলজিইডি মাত্র এক বছর পূর্বেই কাজটি শেষ করেছিল বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, মূলত নির্মাণ ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনু চাকমা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।  

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াছমিন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য প্রাথমিক শিক্ষা বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াছমিন জানান, তদন্ত কমিটি গঠন করে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/জো