ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোবাইলে গেমস খেলায় বাধা দেওয়ায় প্রতিবেশীর লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত বৃদ্ধ আসাদ খান (৬০) জালশুকা গ্রামেরই বাসিন্দা।
নিহতের স্ত্রী হনুফা বেগম জানান, প্রতিবেশী নুরজ্জামানের ছেলে শাহীন তাদের বাড়ির পেছনে প্রায়ই মোবাইল গেমস খেলে। সকালে আসাদ খান বাজার থেকে ফিরে দেখতে পান বখাটে শাহীন তাদের বাড়ির পেছনে মোবাইলে গেমস খেলছে। এসময় আসাদ তাকে অন্যত্র গিয়ে খেলতে বললে বখাটে শাহীন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আসাদ খান।
আরও পড়ুন: মাগুরা মেডিক্যালের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
পরে গুরুতর আহত ও অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একাত্তর/জো