সাভারে তিন গরু ব্যবসায়ীকে চলন্ত বাসে হাত-পা বেঁধে ১৯ লাখ টাকা ডাকাতি করার অভিযোগে এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোমেনুল ইসলাম। গ্রেপ্তার ডাকাতের নাম মো. জসিম।
ওসি জানান, চলতি বছরের জুলাই মাসে তিন গরু ব্যবসায়ী রাজধানীর গাবতলী গরুর হাটে গরু বিক্রি করে সেখান থেকে একটি চলন্ত বাসে ওঠেন মেহেরপুর যাওয়ার জন্য।
বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় পৌছলে ডাকাতরা তিন গরু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর তাদের সাথে থাকা গরু বিক্রির উনিশ লাখ আট হাজার টাকা ও মোবাইল ফোন লুটপাট করে ডাকাতরা চলন্ত বাস থেকে তাদের ফেলে দিয়ে পালিয়ে যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় গরু ব্যবসায়ী সিদ্দিকুর রহমান অজ্ঞাত ডাকাতদের আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে আরিফ হত্যায় একজনের মৃত্যুদণ্ড
এর ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নাছির নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে ট্যানারি পুলিশ ফাঁড়ি। পরে তার দেওয়া তথ্যমতে সোমবার ভোরে কেরানীগঞ্জের আলীপুর এলাকা থেকে জসিম নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেন ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাসেল মোল্ল্যা।
এসময় তার কাছ থেকে ডাকাতির পাঁচ হাজার টাকা ও হাতুড়ি উদ্ধার করা হয়। তাকে দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
একাত্তর/এসজে