বগুড়ায় অনুমোদনহীন রেড হার্ট ক্লিনিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।
শহরের নারুলী এলাকায় বুধবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
এসময় রেড হার্ট ক্লিনিকের নথি ঘেঁটে দেখা যায়, ক্লিনিকটি অনুমোদন ছাড়া হাসপাতাল, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে ডাক্তার, নার্স, ল্যাব সহকারী ও টেকনিশিয়ানও ছিলোনা।
মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও ঔষধ ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, ক্লিনিকটি অনুমোদনহীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছিল। তাদের নিজস্ব কোনো চিকিৎসকও নেই। এ কারণে অর্থদণ্ড দিয়ে সিলগালা করে এটি বন্ধ করে দেয়া হয়েছে।
আরও পড়ুন: আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্য গ্রেপ্তার
তিনি আরও বলেন, অনিবন্ধিত ক্লিনিক-হাসপাতাল বন্ধের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। আগামীতেও এটি অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদুল হক ও বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী উপস্থিত ছিলেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
একাত্তর/এসজে