দিনাজপুর জেলার কাহারোল থানাধীন প্রীতিবাজার এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে রংপুর র্যাব সদর দপ্তরে র্যাব-১৩ অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাহীন মিয়া, মো. দুলাল মিয়া, সাজ্জাত হোসেন, রেজাউল করিম, সিফাজুল ইসলাম, মো. ফারুক হোসেন, মো. আবু বক্কর সিদ্দিক, মো. শরিফুল ইসলাম, ভুট্টু চন্দ্র বর্মন, মো. আল-আমিন ইসলাম ও আব্দুস সালাম।
গ্রেপ্তারের সময় ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন, নগদ টাকা, সাতটি ব্যাটারী, চারটি খোলা ট্রান্সফর্মার ও একটি হাইড্রলিক জ্যাক উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ১৪৪ ধারা এড়িয়ে এলাকার বাইরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
র্যাব-১৩ এর অধিনায়ক জানান, আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলা ও থানা থেকে এসে একত্র হয়ে দিনাজপুর ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় কৌশলে, বলপূর্বক ও চেতনাশক ঔষধ পান করিয়ে দীর্ঘদিন থেকে নিয়মিত চুরি, ডাকাতি এবং ছিনতাই করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছেন বলেও জানান তিনি।
একাত্তর/জো
