ভাসানচর থেকে পালিয়ে আসা চার রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানো চার রোহিঙ্গাকে সুবর্ণচর উপজেলা থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩নং চরক্লাক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জনতা বাজার ও চরজুবলী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয় শিবিরের ৮০ নং ক্লাস্টারের গুলবাহার (৫০), মো. খায়রুল আমিন (২৪), মো. ফারুক (২৬) ও মো. তুষার (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চারজন রোহিঙ্গা নাগরিক ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য দালালের মাধ্যমে সুবর্ণচর উপজেলায় আসে।

সকালে সুবর্ণচরের চরক্লাক ইউনিয়নের জনতা বাজার এলাকায় তিনজন রোহিঙ্গা ঘোরাঘুরি করছিলেন। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন।

পরে দুপুরের দিকে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

অপর এক রোহিঙ্গা নাগরিককে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে আটক করে স্থানীয়রা।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, শুক্রবার সকালের দিকে দালালের মাধ্যমে তারা ভাসানচর আশ্রয় শিবির থেকে পালিয়ে আসেন। খবর পেয়ে তাদের আটক করা হয়। পুনরায় একই দিন দুপুর ১টার দিকে তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।


একাত্তর/আরএ