রংপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৯

রংপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে এবং চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায়  আহত হয়েছেন প্রায় ৩০ জন যাত্রী। এর মধ্যে ২৩ জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। 

রোববার রাত সাড়ে ১২টার দিকে জেলার তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের খারুভাজ সেতুর কাছে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

তারাগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা  আহতদের উদ্ধার করে।  

আরও পড়ুন: কানাডায় ১৩ এলাকায় ছুরি হামলা, নিহত ১০

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান জানান, রাত তিনটার দিকে দুর্ঘটনায় আহত দুই জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরপর মধ্যরাতে ও সকালে আরও দুই জন মারা গেছেন। তাদের মধ্যে একজনের নাম জুয়েল। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। চার জনের লাশ হাসপাতালে আছে। চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।


একাত্তর/এসি