খুলনায় কিশোরী ধর্ষণ মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

খুলনার খালিশপুরে ১৫ বছরের কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ইসলাম খান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সোহেল, আব্দুল্লাহ, মোহন, আকবর ও মেহেদী হাসান ইবু। এদের মধ্যে সোহেল, আব্দুল্লাহ ও মোহন পলাতক। 

মামলার বরাতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি ফরিদ আহমেদ জানান, ২০১১ সালের ২৩ মার্চ আসামিরা  খুলনার খালিশপুর থেকে এক কিশোরীকে অপহরণ করেন। পরে চরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন তারা।

আরও পড়ুন: স্কুলছাত্রী ধর্ষণ মামলায় দু'জনের যাবজ্জীবন

পরবর্তীতে ওই কিশোরীকে তার বাড়ির পাশে ফেলে গিয়ে তার পরিবারকে মামলা না করার জন্য হুমকি-ধামকি দেয় আসামিরা। 

এ ঘটনায় ২৪ মার্চ খালিশপুর থানায় দুইজনের নাম উল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর মা। একই বছরের জুন মাসে কাজী রেজাউল করিম পাঁচজনকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন।


একাত্তর/এসজে