শেরপুরের নকলায় খড়ের গাদায় আগুন দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
জানা গেছে, নিহত সুরুজ আলী (৬৫) উপজেলার নারায়খোলা পশ্চিম পাড়া গ্রামের মৃত মন্নেছ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগে প্রতিবেশী সালেহ মিয়া ও তার পিতা আরজু মিয়া মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ সুরুজ আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।
আরও পড়ুন: বেনাপোলে এক কেজি স্বর্ণসহ দুইজন আটক
বিকেলে তার মৃত্যুর বিষয় নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, সুরুজ আলীকে হত্যার ঘটনা প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
একাত্তর/জো