মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত, চালক আহত

মেহেরপুরের গাংনীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গাংনীর ভাটপাড়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গৃহবধূ খাইরুন (৪০) ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। আর আহত মোটরসাইকেল চালক আশিক (২১)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূ খাইরুন বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় মোটরসাইকেল চালক আশিক দ্রুতবেগে গাংনী যাওয়ার সময় তাকে সজোরে ধাক্কা দেন। এতে দুইজনেই রাস্তার ওপর ছিটকে পড়েন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ খাইরুনকে মৃত ঘোষণা করেন। এদিকে আশিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: শরীয়তপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/জো