প্রতিবন্ধীকে মারধরের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে নিহত

কুষ্টিয়ার শিলাইদহে প্রতিবন্ধীকে মারধরের প্রতিবাদ করায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় ভূমি অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে কুমারখালী উপজেলার শিলাইদহ কোমরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আব্দুর রাজ্জাক ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় রাজ্জাকের স্ত্রী ও দুই সন্তানও আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে শিলাইদহ কোমরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি চায়ের দোকানে চোর সন্দেহে এক মানসিক প্রতিবন্ধীকে পেটাচ্ছিলেন স্থানীয় খাঁ ও বিশ্বাস গ্রুপের লোকজন। এসময় আব্দুর রাজ্জাক ঘটনার প্রতিবাদ করলে তার ওপর ক্ষুব্ধ হন তারা। 

পুলিশ জানায়, সকালে আব্দুর রাজ্জাক বাড়ি থেকে বের হলে বাড়ির সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে রাজ্জাককে। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: হবিগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মারামারিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে। 


একাত্তর/জো