গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মাদক মামলায় আটক এক বন্দির মৃত্যু হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত কারাবন্দি মো. সানাউল্লাহ (৫৫) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভোলানাথপুর গ্রামের নইম উদ্দিনের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১’র ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. নুরুন্নবী ভূইঁয়া জানান, রাতে মাদক মামলায় বন্দি সানাউল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শ্রীনগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
তিনি আরও জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় কারাগারে বন্দি ছিলেন।
মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
একাত্তর/জো