স্ত্রী হত্যায় স্বামী, ননদসহ তিনজনের ফাঁসি

কিশোরগঞ্জের করিমগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন। রায় ঘোষণাকালে  আসামীরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের খৈলাকুড়ি গ্রামের খোকন মিয়া, তার বোন জরিনা খাতুন ও আত্মীয় জালাল মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার প্রায় ১১ বছর আগে একই গ্রামের খোকন মিয়ার সঙ্গে বিয়ে হয় হেনা আক্তারের। দাম্পত্য জীবনে তাদের ঘরে ফাতেমা (৮) ও কুলসুম (৫) নামে দুটি মেয়ে সন্তানের জন্ম হয়।

স্বামী খোকন মিয়াসহ শ্বশুরবাড়ির লোকজন হেনা আক্তারকে যৌতুকের জন্যে নির্যাতন করে আসছিলেন।

হেনা আক্তার নির্যাতন থেকে রক্ষা পেতে বেশ কয়েকবার বাবার কাছ থেকে টাকা এনে দেন স্বামীকে। শেষ পর্যায়ে আরো এক লাখ টাকা দাবি করেন স্বামী। কিন্তু এ টাকা দিতে অস্বীকার করলে স্বামী-শ্বশুরবাড়ির লোকজন তার ওপর অত্যাচার-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়।

এ অবস্থায় ২০১৫ সালের ৪ অক্টোবর গভীর রাতে হেনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামীসহ অন্যান্য অভিযুক্তরা।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সাইকুল ইসলাম বাদী হয়ে স্বামী খোকন মিয়াসহ ছয় জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দায়িত্বপ্রাপ্ত এসআই এসএম জহিরুল ইসলাম।

আরও পড়ুন: ক‌য়ে‌লের আগুনে বৃদ্ধার মৃত্যু

দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।


একাত্তর/আরএ