চট্টগ্রামে পরিত্যক্ত বাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর কলোনি এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারনা করছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন বন্দর কলোনির একটি পরিত্যক্ত বাসায় শিশুটির মৃতদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নিহত শিশুর নাম সুরমা। তার বাবা কাওসার মিয়া একজন রিকশাচালক ও মা হোসনে আরা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। তারা দীর্ঘদিন ধরে নগরীর বড়পোল এলাকায় বসবাস করে আসছেন।

নিহত শিশুর পরিবার জানিয়েছে, সকালে শিশু সুরমা মায়ের কাছ থেকে ১০ টাকা চেয়েছিল তার খালার বাসা বড়পোল এলাকায় যাবে বলে। পথিমধ্যে এক রিকশাচালক তাকে বিরিয়ানির খাওয়ানোর লোভ দেখিয়ে রিকশায় তোলেন। তারপর থেকে নিখোঁজ ছিল সে। 

বন্দর এলাকার এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কলোনির এসব বাসা পরিত্যক্ত অবস্থায় আছে। সেখানে মাদক সেবনসহ নানা অসামাজিক কর্মকাণ্ড হয়ে থাকে বলে অভিযোগ তাদের। 

আরও পড়ুন: পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের জামিন স্থগিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবুল কালাম সহিদ জানান, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে সিআইডি। 

এছাড়া এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

একাত্তর/এসজে