রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনের প্রচারে গিয়ে বাড়ি ফেরার পথে এক নারী সদস্য এক প্রার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে থানায় মামলা করেছেন। অভিযোগ পেয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বাগমারার বাহমিন গ্রামের মাহাবুর রহমান, আকবর হোসেন, সোহেল রানা, দুলাল হোসেন ও ফজলুর রহমান।
রাজশাহী জেলা পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, গত বুধবার নির্বাচনের প্রচার শেষে ওই নারী রাতে বাড়ি ফিরছিলেন। পথে বাহমিন গ্রামের মোড়ে পাঁচ ব্যক্তি তার গতি রোধ করেন। এ সময় তাকে তুলে নিয়ে অস্ত্রের মুখে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এতে ওই নারী অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা নেন। পরে বৃহস্পতিবার রাতে থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা করেন।
আরও পড়ুন: মামুনুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুই পুলিশ
তিনি জানান, পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। পরদিন শুক্রবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একাত্তর/এসি