তাড়াশে শিয়ালের কামড়ে নারীসহ আহত ছয়

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে একদিনে দুই গ্রামের নারীসহ অন্তত ছয় ব্যাক্তি আহত হয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হাড়িসোনা ও কুন্দাশন গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক।    

ওই ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ইসলাম জানান, কয়েকটি শিয়াল হঠাৎ করে গ্রামে ঢুকে রোববার সন্ধ্যায় রাস্তায় চলাচল করা ও বাড়িতে দাঁড়িয়ে থাকা এক এক করে ছয় ব্যাক্তিকে কামড়ে দেয়। 

এতে হাড়িসোনা গ্রামের বোরহান উদ্দিন (৬০), আবুল হোসেন (৪৫), ইব্রাহিম হোসেন (৩৫), হাফিজা খাতুন (৩০), রবিউল ইসলাম বাপ্পী (২৫) ও কুন্দাশন গ্রামের নুরুল ইসলাম (৩৭) আহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

আরও পড়ুন: রুশ বাহিনীতে যোগ দিলেই বেতন তিন লাখ, সুযোগ পাবে বিদেশিরাও

এদিকে রাত আটটার দিকে হাড়িসোনা গ্রামে আবারও একদল শিয়াল ঢুকে পড়লে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে শিয়ালের দলকে তাড়া করেন। এ সময় গ্রামবাসীর গন পিটুনিতে একটি শিয়াল মারা যায়।

এ প্রসঙ্গে তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, খাবার সংকটে হয়তো শিয়াল লোকালয়ে ঢুকে লোকজনকে কামড়ে দিচ্ছে।

 

একাত্তর/আরবিএস