নীলফামারীর সৈয়দুপরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের দলবাড়িপাড়ায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতরা হলেন ওই এলাকার কৃষক আবুল হোসেনের তিন বছরের ছেলে মো. তুহিন ইসলাম এবং তাঁর ভাই সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের তিন বছরের ছেলে মো. সাজিদ হোসেন।
নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, সকালের নাস্তা খেয়ে বাড়ির পিছনে খেলছিল সাজিদ ও তুহিন। দুপুরের দিকে তাদের দু’জনকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পিছনে থাকা প্রতিবেশী আব্দুস ছালামের গোসলখানার পানি নিষ্কাশনে ব্যবহৃত খালের জমে থাকা পানিতে দু’জনকে ভাসতে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের সহযোগিতায় খাল থেকে সাজিদ ও তুহিনের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: মাটিকাটা নিয়ে মারামারিতে আহত ১৪, আটক দুই
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
একাত্তর/জো