নোয়াখালীর সুবর্ণচরে এসএসসির গণিত পরীক্ষায় ছোট ভাইয়ের প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন এক তরুণ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন (১৮) উপজেলার চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং স্থানীয় সৈকত ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে আলমগীরকে আটক করা হয়। পরে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে তিনি খালাতো ভাই আব্দুর রহমানের প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন। এছাড়াও তিনি খালাতো ভাইয়ের পরিবর্তে বিগত দুটি পরীক্ষায় অংশগ্রহণ করেন বলেও স্বীকার করেন। পরে ওই যুবককে সাজা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আর তার খালাতো ভাই আব্দুর রহমানকে চলতি এসএসসি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: তিতাসে পরীক্ষা কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে কিশোর খুন
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতি সর্ববিদ্যা জানান, অভিযুক্ত আলমগীর জুবিলি হাবিবুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তার খালাতো ভাই আব্দুর রহমানের গণিত পরীক্ষায় প্রক্সি দিতে বসে ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েন।
একাত্তর/জো